কানাডার মোজাইক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের দ্বাদশ আসরে বাংলাদেশের সিনেমা ‘রইদ’ পেয়েছে তিনটি গুরুত্বপূর্ণ পুরস্কার। মেজবাউর রহমান সুমন পরিচালিত ছবিটির জন্য সেরা অভিনেত্রীর স্বীকৃতি পেয়েছেন নাজিফা তুষি। পাশাপাশি সেরা চিত্রগ্রহণ ও সেরা সংগীত বিভাগেও পুরস্কার এসেছে বাংলাদেশের ঝুলিতে।
‘রইদ’-এ সাদুর বউ চরিত্রে অভিনয়ের জন্য তুষির অভিনয় আন্তর্জাতিক বিচারকদের প্রশংসা কুড়িয়েছে। সিনেমাটির চিত্রগ্রহণের জন্য জোয়াহের মুসাভভির জ্যোতি এবং সংগীতের জন্য রাশিদ শরীফ শোয়েব পেয়েছেন আলাদা স্বীকৃতি।
পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়ায় তুষি বলেন, ‘রইদ’ তার কাছে শুধু একটি সিনেমা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে অনেক মানুষের শ্রম, ভালোবাসা ও স্বপ্ন। আন্তর্জাতিক উৎসবে চরিত্রটির জন্য পাওয়া সম্মান তিনি পুরো দল ও বাংলাদেশের দর্শকদের উৎসর্গ করেছেন।
চিত্রগ্রাহক জোয়াহের মুসাভভির জ্যোতির কাছে এই পুরস্কার কাজের স্বীকৃতির পাশাপাশি আরও ভালো কাজ করার দায়িত্বও তৈরি করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নির্মাতা ও কলাকুশলীরাও এ অর্জনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
এর আগে রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছিল ‘রইদ’। এবার আসন্ন অস্কারের আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগেও বাংলাদেশের হয়ে আনুষ্ঠানিকভাবে জমা পড়েছে ছবিটি।
গ্রামবাংলার জীবন, সম্পর্ক, মানুষের মনস্তত্ত্ব ও রহস্যময় এক আখ্যানকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ‘রইদ’। সিনেমাটিতে নাজিফা তুষির পাশাপাশি অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে
নিউজ সেভেন ডেইজ #news7days
