এই মামলার অন্য আসামিরা হলেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান।
এছাড়াও এই মামলায় আসামি হিসেবে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
এই মামলার সব আসামিই পলাতক রয়েছে।
বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীসহ তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে।
এর আগে, গত বছরের নভেম্বরে দলটির সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল।
রায়ের পর এক সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, প্রত্যেকের বিরুদ্ধে আনা চারটি করে অভিযোগ নিঃসন্দেহে প্রমাণিত হয়েছে।
“ট্রাইব্যুনাল তাদের প্রত্যেককে মৃত্যুদণ্ড দিয়েছে এবং অভিযোগভেদে আমৃত্যু কারাদণ্ডের রায়ও দেওয়া হয়েছে” বলেন তিনি।
রায়ের পর্যবেক্ষণে ট্রাইব্যুনাল বলেছে, “প্রত্যেক আসামির স্থাবর-অস্থাবর মোট সম্পত্তির ৫০ শতাংশ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়েছে। এই সম্পত্তি বিক্রি করে জুলাই ফাউন্ডেশন বা গণঅভ্যুত্থানে আহত বা নিহতদের পরিবারকে দেওয়ার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।”
আসামিরা পলাতক অবস্থায় কোনো বক্তব্য দিলে সেটি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন চিফ প্রসিকিউটর।
একইসঙ্গে, এই মামলায় পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও নিয়োগ দেওয়া হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।
গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের পাঁচই অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়।
এরপর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয়।
জুলাইয়ের গণঅভ্যুত্থানের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের ঘটনায় দেওয়া সপ্তম মামলায় রায় এটি।
নিউজ ডেস্ক 






















