দার্জিলিংয়ে হানিমুনে গিয়ে বার্বিকিউয়ের আগুনে গুরুতর দগ্ধ হয়েছেন এক নববধূ। তার শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। বর্তমানে শিলিগুড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তার শারীরিক অবস্থা সংকটজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
জানা গেছে, পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়া এলাকার বাসিন্দা সমীর দাস কিছুদিন আগে নিকিতাকে বিয়ে করেন। বিয়ের পর নবদম্পতি হানিমুনে সিটংয়ে যান। সেখানে একটি আবাসিক পর্যটনকেন্দ্রে বার্বিকিউয়ের আয়োজন করা হয়েছিল।
বৃহস্পতিবার রাতে তাঁদের হোমস্টেতে বার্বিকিউ করতে গিয়েই ঘটে গেল বিপত্তি। হোমস্টের সিসিটিভি ফুটেজে
দেখা যায়,আবাসিক পর্যটনকেন্দ্রটির বারান্দায় পাশাপাশি বসে ছিলেন নবদম্পতি। তাদের সামনে বার্বিকিউ চলছিল। বিপরীত দিকে বসে থাকা এক ব্যক্তিকে বার্বিকিউয়ের আগুনে কিছু ঢালতে দেখা যায়। এরপরই হঠাৎ আগুন দাউদাউ করে জ্বলে ওঠে এবং মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় নববধূর শরীরে।
ঘটনার পর তরুণীকে প্রথমে স্থানীয় একটি প্রাথমিক চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে শিলিগুড়ির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়।
নিউজ ডেস্ক 























