গাজীপুর মহানগরীর টঙ্গীর চেরাগ আলী এলাকায় ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে ড্রাগ ইন্টারন্যাশনালের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে অবস্থিত কারখানাটিতে সকাল ১০টা ২৫ মিনিটে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
পরে আগুনের তীব্রতা বাড়লে আশপাশের বিভিন্ন ফায়ার স্টেশন থেকে আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়া আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম জানান, তার নেতৃত্বে প্রথমে তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও পাঁচটি ইউনিট অগ্নিনির্বাপণের কাজে যোগ দেয়।
অগ্নিকাণ্ড ও উদ্ধার তৎপরতা সম্পর্কে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম বলেন, ‘একটি ওষুধ কোম্পানির কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে প্রথমে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজে যোগ দিয়েছে। পরে আরও পাঁচটি ইউনিট কাজে যোগ দিয়েছে। আরও পাঁচটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।’
এ বিষয়ে পরবর্তীতে আরোও বিস্তারিত জানানো যাবে বলে উল্লেখ করেন তিনি।
নিউজ সেভেন ডেইজ #news7days
নিউজ ডেস্ক 






















