আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলে দেওয়া হচ্ছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ পর্যটন কেন্দ্র সেন্ট মার্টিন।পর্যটকদের সুবিধার্থে সেখানে নানা ধরনের প্রস্তুতি চলছে।
পর্যটন গমন বিষয়ক আন্তঃমন্ত্রণালয়ের সভায় এ সিদ্ধান্ত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সাবরিনা রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এসব সিদ্ধান্ত জানানো হয়েছে।
১৫ মার্চ পর্যন্ত পর্যটকরা সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন।সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত প্রতিদিন সাড়ে তিন হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণ করতে পারবেন। প্রত্যেক পর্যটককে পরিবেশ সংরক্ষণ ফি হিসেবে ১০০ টাকা দিতে হবে। এ ফি আদায়ের জন্য পরিবেশ অধিদপ্তর পরিবেশ সংরক্ষণবিষয়ক ইসিএ ব্যবস্থাপনা বিধিমালা, ২০১৬-এর বিধি ২৬ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
সভার সিদ্ধান্ত অনুযায়ী,পর্যটকদের যাতায়াতের জন্য টেকনাফের পরিবর্তে কক্সবাজারের নুনিয়ারছড়া ঘাট থেকে অনুমোদিত পর্যটকবাহী জাহাজ চলাচল করবে।
মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ও নৌপরিবহন অধিদপ্তর সেন্টমার্টিনে নৌযান চলাচলের অনুমতি দিতে পারবে না।
নিউজ সেভেন ডেইজ news7days
নিউজ ডেস্ক 





















