বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় দিনব্যাপী বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত এ মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
ক্যাম্পে সকাল থেকেই বিভিন্ন বয়সী নারী-পুরুষ চিকিৎসাসেবা নিতে আসেন। বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও ব্যবস্থাপত্র দেন। মেডিসিন, হৃদরোগ, চর্ম ও যৌন এবং চক্ষুসহ বিভিন্ন বিভাগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ করা হয়।
রুহুল কবির রিজভী বলেন, বিএনপি সব সময় জনগণের সুখে-দুঃখে পাশে ছিল এবং আছে। দেশের যেকোনো ক্রান্তিলগ্নে ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে দলের নেতাকর্মীরা সামনের সারিতে থেকেছেন। ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন বিএনপির সামাজিক ও মানবিক অঙ্গীকারের ধারাবাহিকতার অংশ।
নিউজ ডেস্ক 




















