বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মাদারীপুরে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার সমিতির হাট লঞ্চঘাট থেকে বাঁশগাড়ী লঞ্চঘাট পর্যন্ত প্রায় চার কিলোমিটার নদীপথে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও বিএনপির সিনিয়র নেতা অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন,দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশের সুযোগ পায়নি। একই সঙ্গে বাঙালির লোকজ ঐতিহ্যের অন্যতম অনুষঙ্গ নৌকাবাইচের মতো আনন্দ-উৎসব আয়োজন থেকেও মানুষ বঞ্চিত ছিল। তিনি বলেন, ‘আনিসুর রহমান তালুকদার খোকন সংসদ সদস্য নির্বাচিত হতে পেরেছেন বলেই আজ এই সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে এবং তিনি চমৎকার এই অনুষ্ঠানের আয়োজন করতে পেরেছেন।’
অনুষ্ঠানে নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি।এছাড়া বাঁশগাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমনসহ স্থানীয় বিএনপির নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নৌকাবাইচ ঘিরে আড়িয়াল খাঁ নদীর দুই তীরে ছিল উৎসবমুখর পরিবেশ। হাজার হাজার দর্শনার্থী নদীর দুই পাড়ে ভিড় করে প্রতিযোগিতা উপভোগ করেন। নৌকার ছন্দময় বৈঠার তালে তালে দর্শনার্থীদের করতালি ও উল্লাসে মুখর হয়ে ওঠে নদীর দুই পাড়।প্রতিযোগিতায় ১৩টি সুসজ্জিত নৌকা অংশ নেয়।
হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নিউজ ডেস্ক 
























