রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনে ফুটপাতে বিশ্রাম নেওয়ার সময় গাড়িচাপায় নির্মাণশ্রমিক মেহেদী হাসান মীমের মৃত্যুর ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার কিশোর আজান আলী শরীফ আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) তার পক্ষে অ্যাডভোকেট মো. আলমগীর হোসেন জামিনের এই আবেদন করেন।
এ বিষয়ে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদিরের আদালতে শুনানি হবে।
জামিন আবেদনে বলা হয়, এই কিশোর গাড়িতে ড্রাইভারের পাশের আসনে বসা ছিল। নিহত মেহেদী একজন শ্রবণ ও বাকপ্রতিবন্ধী ছিলেন। তাকে হর্ন বাজানো সত্ত্বেও দ্রুত সরে যেতে না পারায় দুর্ঘটনাটি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটে যায়।
আবেদনে আরও বলা হয়, স্থানীয়ভাবে আপস-মীমাংসার মাধ্যমে কিশোরের পরিবারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পক্ষকে নগদ ৯ লাখ টাকা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করা হয়েছে।
এর আগে ওই কিশোরকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা, গুলশান থানার উপ-পরিদর্শক মো. আরিফীন ইসলাম তাকে আটক রাখার আবেদন করেন।
আবেদনে বলা হয়, মামলাটি তদন্তকালে ঘটনাস্থলসহ আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ঘটনার পরপরই প্রাইভেট কারের ডান পাশের ড্রাইভিং সিটের দরজা খুলে কিশোর আজান আলী শরীফকে বের হতে দেখা যায়। তদন্তকালে আজান আলী শরীফের সংশ্লিষ্টতার বিষয়ে প্রাথমিক সত্যতা পাওয়া যাচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আটক রাখার আবেদন করা হয়।
এদিকে মেহেদীর মৃত্যুর ঘটনায় তার বড় ভাই মোক্তাদীর ইসলাম বাদী হয়ে গতকাল (২৩ সেপ্টেম্বর) রাজধানীর গুলশান থানায় সড়ক পরিবহন আইনে মামলা করেন। মামলায় গাড়িটির চালক হিসেবে আকাশ মারক (৪৪) নামের এক ব্যক্তিকে আসামি করা হয়েছে।
সেখানে অভিযোগ করা হয়, আসামি আকাশ মারক বেপরোয়াভাবে প্রাইভেট কার চালিয়ে তার ভাইকে গাড়িচাপা দিয়ে গুরুতর আহত করেন এবং এতে তার মৃত্যু ঘটে।
মায়ের জন্য নতুন ঘর করা হলো না মেহেদির
পড়াশোনার পাশাপাশি নির্মাণশ্রমিকের কাজ করতেন। অবসরে কাগজের ফুল বানাতেন, বিক্রি করতেন মেলায়। কাজ করে কিছু টাকা জমিয়ে আগামী ঈদের আগেই ভাঙাচোরা বাড়িঘর ঠিক করবেন—এই আশা নিয়ে সোমবার রাতে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন মেহেদী। কাজে যোগ দেওয়ার আগেই গাড়িচাপায় থেমে গেছে তাঁর স্বপ্ন।
‘মা এবার ঢাকা থেকে ফিরে তোমার জন্য নতুন ঘর করে দেব।’ ঢাকায় নির্মাণশ্রমিকের কাজ করতে আসার আগে মাকে এমন কথা দিয়েছিলেন মেহেদী হাসান মিম (২৪)। পরিবারের অভাব ঘোচানোর পাশাপাশি মায়ের জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ দেওয়ার স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন আর পূরণে হলো না। ঢাকার বারিধারায় বেপরোয়া প্রাইভেট কারের চাপায় প্রাণ গেল মেহেদীর।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের হাজিপাড়া গ্রামের নিজ বাড়িতে কাঁদতে কাঁদতে এসব কথা জানান মেহেদীর মা মিনু বেগম। মেহেদী হাসান ওই গ্রামের এরশাদুল হকের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, মেহেদী হাসান একজন বাক্প্রতিবন্ধী ছিলেন। তবে তিনি অন্যের কথা বুঝতে পারতেন। বয়স্ক বাবার সামান্য আয় দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়ায় পরিবারের হাল ধরতে নির্মাণশ্রমিকের কাজ করতেন তিনি। গত সোমবার রাতে এলাকার কয়েকজন নির্মাণশ্রমিকের সঙ্গে ঢাকার উদ্দেশে বাড়ি থেকে রওনা দেন মেহেদী। মঙ্গলবার সকালে ঢাকার বারিধারায় পৌঁছান তিনি। সেখানে আসরের নামাজ পড়তে বাইরে বের হন। নামাজ শেষে রাস্তার পাশের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় দ্রুতগতিতে আসা একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতের ওপর উঠে তাকে চাপা দেয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় মেহেদীকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিন ভাই-বোনের মধ্যে মেহেদী ছিলেন ছোট। বড় ভাই বিয়ের পর স্ত্রীকে নিয়ে ঢাকায় বসবাস করেন। আর মেহেদী বাবা-মায়ের সঙ্গে গ্রামের বাড়িতেই থাকতেন। বৃদ্ধ বাবার সামান্য আয়ে সংসার চালাতে হিমশিম খেতে হতো পরিবারটিকে। তার ওপর বাড়ির জরাজীর্ণ ঘরটি নতুন করে তৈরি করা ছিল তাদের জন্য প্রায় অসম্ভব। পরিবারের হাল ধরতেই নির্মাণশ্রমিকের কাজ করতে ঢাকায় গিয়েছিলেন মেহেদী। কিন্তু পরিবারের স্বপ্ন পূরণের আগেই লাশ হয়ে ফিরতে হলো তাকে।
মেহেদীর মা মিনু বেগম বলেন, মাসের শুরু থেকেই ঢাকায় নির্মাণশ্রমিক হিসেবে কাজ করতে যেতে চেয়েছিল মেহেদী। কিন্তু খুব রোদ গরম পড়েছে, তাই তাকে যেতে দিইনি। গত সোমবার সে ঢাকায় গেছে। যাওয়ার আগে আমার ছেলে বলেছিল, “মা এবার ঢাকা থেকে ফিরে এসে তোমার জন্য নতুন ঘর করে দেব।” আমার ছেলে ছিল আমার সবকিছু। সে ভালো করে কথা বলতে না পারলেও সবকিছু বুঝত। আমরা গরিব মানুষ, দিন এনে দিন খাই। ভেবেছিলাম ছেলেটা ঢাকায় গিয়ে কিছু আয়-রোজগার করলে আমাদের ভালো চলবে। কিন্তু আমার ছেলেটা মারা গেল। আমার ছেলেকে এভাবে গাড়ি চাপা দিয়ে মারল। আমি এর বিচার চাই।
মেহেদীর মামাতো ভাই সাজ্জাদ চৌধুরী জয় বলেন, মেহেদী হাসান মিম একজন বাক্প্রতিবন্ধী। সে কথা বলতে না পারলেও সবকিছু বুঝতে পারত। সে ডোমার সরকারি কলেজে পড়ালেখা করেছে। তার বাবা বৃদ্ধ মানুষ। তেমন আয়-রোজগার করতে পারেন না। যা আয় করেন, তা দিয়ে পরিবারের খরচ চালানো সম্ভব হয় না। মেহেদী আগে এলাকায় কাজ করত। তা দিয়ে কোনোভাবে সংসারে সহযোগিতা করত। এবার এলাকার কয়েকজন নির্মাণশ্রমিকের সঙ্গে ঢাকায় গিয়েছিল। সেখানে গিয়ে আসরের নামাজ পড়ে ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিল। এ সময় একটি প্রাইভেট কার তাকে চাপা দেয়। পরে হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। বুধবার সকালে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়েছে।
তিনি আরও বলেন, তারা খুব গরিব মানুষ। পরিবারের কোনো আবাদি জমি নেই। শুধু বাড়ির ভিটাটুকু রয়েছে। পরিবারের হাল ধরতেই মেহেদী ঢাকায় গিয়েছিল। কিন্তু এবার ঢাকায় গিয়ে আর ফিরে এলো না।
বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আছগর আলী বলেন, ঢাকায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে এসে দাফন করা হয়েছে।
নিজস্ব সংবাদ : 





















