শরীয়তপুরের নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরকে দলীয় সব পদ ও দায়িত্ব এবং প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরণ ও সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসির উদ্দিন কালুর নির্দেশে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ কামরুল হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ, অসাংগঠনিক কর্মকাণ্ড, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।
সম্প্রতি নড়িয়া থানার ওসি আনোয়ার হোসেনকে ‘বাহার যে পথে গেছে, আপনিও যাবেন সে পথে’ বলে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে সাগরের বিরুদ্ধে। এ-সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এর আগে নির্বাচনি বিলবোর্ড লাগানোকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে বিরোধ এবং থানায় গিয়ে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় গঠনতন্ত্র অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।
নিউজ সেভেন ডেইজ #news7days
নিউজ ডেস্ক 



















