কুমিল্লার লাকসামের আজগরা এলাকায় লাইনচ্যুত কর্ণফুলী কমিউটার ট্রেনের উদ্ধারকাজ শুরু হয়েছে দুর্ঘটনার সাড়ে ৫ ঘণ্টা পর। এ ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) রাতে উদ্ধার কাজ পরিদর্শনে এসে তদন্ত কমিটির প্রধান ফারহান মাহমুদ সাংবাদিকদের এ তথ্য জানান।
চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে কুমিল্লার নাঙ্গলকোটের নাওটি ও লাকসামে উপজেলার আজগরা এলাকার মাঝামাঝি এলাকায় পৌঁছালে ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ ৪টি বগি লাইন থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনার বিষয়ে ট্রেনের চালক মোয়াজ্জেম হোসেন বলেন, রেলপথে সংস্কার চলছিল তা আগে জানানো হয়নি।
গতি কম থাকায় দুর্ঘটনায় ক্ষতি ও হতাহতের ঘটনা কম হয়েছে।
এদিকে, ঢাকাগামী আপলাইন ক্ষতিগ্রস্ত ও অবরুদ্ধ হলেও বিকল্প লাইন সচল থাকায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, বিকল্প লাইনে ট্রেন চলাচল অব্যাহত রেখে দ্রুত মূল লাইন সচল করার কাজ চলছে।
এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফারহান মাহমুদকে আহ্বায়ক করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
নিউজ সেভেন ডেইজ news7days
নিউজ ডেস্ক 
























