গত মঙ্গলবার ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার সহিংস পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ পদক্ষেপ নেয়। এর মধ্যে আছে বছরের শেষ পর্যন্ত মিলানে ৫০০ সেনা মোতায়েন এবং ভাঙচুর ও লুটপাটে জড়িত সন্তানদের অভিভাবকদের আর্থিক দায় বাড়ানো।
নতুন নিয়ম অনুযায়ী, জননিরাপত্তার জন্য বিপজ্জনক পরিস্থিতি তৈরি করে এমন অন্তত পাঁচজনের কোনো দলে অংশ নিলে বিক্ষোভকারীদের সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ২০ হাজার ইউরো জরিমানা হতে পারে।
১৪ থেকে ১৮ বছর বয়সী বিক্ষোভকারীদের বিরুদ্ধে এখন প্রশাসনিক আটকাদেশ দেওয়া যেতে পারে, এমনকি তারা কোনো অপরাধ না করলেও। তবে সে ক্ষেত্রে তাদের বিপজ্জনক হিসেবে বিবেচনা করার মতো প্রমাণ থাকতে হবে। আগে এ ক্ষমতা শুধু প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল।
‘তুমি ভাঙলে, তোমাকেই ক্ষতিপূরণ দিতে হবে’ স্লোগানসংবলিত অধ্যাদেশের একটি অংশে দেশটি সন্তানদের অপরাধমূলক সম্পত্তি ধ্বংসের ঘটনায় অভিভাবকদের দায়বদ্ধ রাখার আইন আরও কঠিন করেছে। ইতালির দেওয়ানি আইনের ২০৪৮ নম্বর অনুচ্ছেদে আগে থেকেই বলা আছে, যেসব অপ্রাপ্তবয়স্ক সন্তান আইনিভাবে স্বাধীন নয় এবং অভিভাবকের সঙ্গে থাকে, তাদের ‘বেআইনি কাজের’ কারণে সৃষ্ট ক্ষতির জন্য দায়ী থাকবেন মা-বাবা ও অভিভাবকেরা। যারা অন্যের অভিভাবকত্বে থাকা ব্যক্তিদের দেখাশোনা করে, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে একই বিধান।
সম্পত্তি জব্দ করা বা বেতন থেকে অর্থ কেটে নেওয়ার মাধ্যমে এসব আইন কার্যকর করতে পারে কর্তৃপক্ষ। নতুন ব্যবস্থায় রাষ্ট্র সরাসরি অভিভাবকদের জরিমানা করতে পারবে। এ ছাড়া ক্ষতিপূরণ দাবি করা যাবে অভিভাবকদের সম্পত্তি থেকে অথবা পরিবার যে সরকারি ভর্তুকি পায়, তা থেকে অর্থ কেটে নিয়ে।
অন্য যেসব দেশে এমন ব্যবস্থা আছে
আরও কয়েকটি দেশেও সন্তানদের ঘটানো ক্ষতির জন্য অভিভাবকদের আর্থিকভাবে দায়ী করা হয়।
উদাহরণ হিসেবে, সুইডেনের আইনে নির্ধারিত শর্ত ও সীমার মধ্যে কোনো শিশু অপরাধ করলে তার কারণে সৃষ্ট শারীরিক ক্ষতি বা সম্পত্তির ক্ষতির জন্য মা-বাবা কিংবা অভিভাবকদের আর্থিক দায় বহন করতে হয়।
যুক্তরাষ্ট্রেও অঙ্গরাজ্যভেদে অভিভাবকদের দায়বদ্ধতার আইন আছে। এসব আইনের আওতায় কোনো অপ্রাপ্তবয়স্ক ইচ্ছাকৃতভাবে সরকারি সম্পত্তি, ব্যবসাপ্রতিষ্ঠান বা যানবাহনের ক্ষতি করলে ক্ষতিগ্রস্ত ব্যক্তি কিংবা স্থানীয় সরকার দেওয়ানি আদালতে তার মা-বাবার বিরুদ্ধে মামলা করতে পারেন।
নিউজ সেভেন ডেইজ news7days
আন্তর্জাতিক ডেস্ক 
























