মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সিএনজি ও পেঁয়াজবোঝাই একটি ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায় এতে সিএনজিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।
সোমবার (৩১ আগস্ট) সকাল ৭ টার দিকে উপজেলার আনারপুরা বাসস্ট্যান্ডের পাশের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউটার্নে যাওয়ার সময় সিএনজির সঙ্গে পেঁয়াজবোঝাই ট্রাকটির সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় সিএনজির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। একই সময়ে ট্রাকটি উল্টে গিয়ে সড়কের পাশে পড়ে থাকে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। তবে আহত ব্যক্তির নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এদিকে দুর্ঘটনার কারণে মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচল ধীর হয়ে যায়। পরে গজারিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সিগঞ্জ প্রতিনিধি 


























