মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বঙ্গবীর জেনারেল মহম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী আজ। বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে মুক্তিবাহিনী ও সেনাবাহিনীর প্রধান সেনাপ্রধান ছিলেন ওসমানী।তিনি১৯১৮ সালের ১ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।
১৯৭১ সালের ১১ এপ্রিল প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ বাংলাদেশ সেনাবাহিনীর অবকাঠামো গঠনের কথা উল্লেখ করে এমএজি ওসমানীকে মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা দেন। একই বছরের ১৭ এপ্রিল গঠিত মুজিবনগর সরকারেও তিনি মুক্তিবাহিনীর সর্বাধিনায়কের দায়িত্ব পান। তার পরিকল্পনা অনুযায়ী সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করে মুক্তিযুদ্ধ পরিচালনা করা হয়।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ২৬ ডিসেম্বর ওসমানীকে জেনারেল পদে উন্নীত করে নবগঠিত দেশের প্রথম সেনাপ্রধান নিয়োগ দেওয়া হয়। তিনি ১৯৭২ সালের ১২ এপ্রিল অবসর গ্রহণ করেন। পরে মন্ত্রিসভায় যোগ দিয়ে অভ্যন্তরীণ নৌ-যোগাযোগ, জাহাজ ও বিমান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। তবে ১৯৭৫ সালে বাকশাল গঠনের প্রতিবাদে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
তার জন্মবার্ষিকী উপলক্ষে আজ সিলেটে কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকালে ওসমানীর কবরে ফাতেহাপাঠ ও পুষ্পস্তবক অর্পণ, বিকেলে আলোচনা সভা, দোয়া মাহফিল ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেনারেল ওসমানীর জন্মবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর টয়েনবি সার্কুলার রোডের জাতীয় জনতা পার্টি কার্যালয়ে কর্মসূচি পালিত হয়।
জাতীয় জনতা পার্টির প্রধান সমন্বয়ক মো. মুজিবুর রহমান চৌধুরী হিরুর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন- বাংলাদেশ ইসলামিক রিপাবলিকান পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাওলানা শেখ মো. ওবায়দুল্লাহ বিন সাঈদ জালালাবাদী। বিশেষ অতিথির বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নইম জাহাঙ্গীর ও আমিনা খাতুন ইভা প্রমুখ।
বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক ও বাংলাদেশ রাষ্ট্রের কারিগর জেনারেল আতাউল গণি ওসমানীকে আজকে রাষ্ট্রীয়ভাবে স্মরণ করা হয় না। রাষ্ট্রের সব জায়গা থেকে তার নাম মুছে ফেলা হয়েছে, যা এই জাতির জন্য লজ্জাজনক। অবিলম্বে জেনারেল ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন ও ওসমানীর বীরত্বগাঁথা বর্তমান তরুণ প্রজন্মের কাছে প্রচারিত হলে তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।
নিউজ ডেস্ক 

























