জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সভাকক্ষে ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম’ প্রকল্পের আওতায় মিডিয়া কর্মীদের জন্য তিন দিনব্যাপী ‘ইস্যুভিত্তিক প্রশিক্ষণ’ কর্মশালা শুরু হয়েছে শনিবার ২৬ সেপ্টেম্বর।
২৬ থেকে ২৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ কর্মশালার উদ্বোধন করেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক (গ্রেড-১) মুহম্মদ হিরুজ্জামান এনডিসি।
উদ্বোধনী বক্তব্যে তিনি নারী উন্নয়ন ও সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমকর্মীদের আরও সচেতনতামূলক ও জোরালোভাবে কাজ করার আহ্বান জানান। সমাজে নারী ও শিশুদের অধিকার, উন্নয়ন এবং সচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তিনি তুলে ধরেন।
অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের পরিচালক (প্রশিক্ষণ ও অনুষ্ঠান) ড. মো. মারুফ নাওয়াজসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তিন দিনব্যাপী এ কর্মশালায় বিভিন্ন সরকারি ও বেসরকারি ইলেকট্রনিক মিডিয়ার মোট ২২ জন গণমাধ্যমকর্মী অংশগ্রহণ করছেন।
কর্মশালায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নসংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু, সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমে এসব বিষয় আরও কার্যকরভাবে তুলে ধরার বিষয়ে প্রশিক্ষণ ও আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।
নিউজ ডেস্ক 

























